খুলনা | শুক্রবার | ২২ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খেলাপি ঋণ পরিশোধ না করার অভিযোগ

এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি সাজা

খবর প্রতিবেদন |
০২:১৫ এ.এম | ২২ মে ২০২৬


ইসলামী ব্যাংকের প্রায় ৮৪ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্র“প-এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালত-১-এর বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় দেন এবং তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের করা মামলায় ৮৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় এ রায় দেওয়া হয়। বেঞ্চ সহকারী মোঃ এরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী এই দেওয়ানি সাজা দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ঋণ আদায়ে ব্যাংকের পক্ষ থেকে বলা হয়— সংশ্লিষ্ট ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক ছিল না এবং ডিক্রি জারির পরও আসামিদের নামে কোনো সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি এই ঋণ আদায়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অর্থ ঋণ আদালতে মামলা করে।
আসামিদের তালিকায় রয়েছেন ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এবং এস আলম গ্র“পের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ মোট ১১ জন।
আদালত জানিয়েছে, অর্থ ফেরত আদায়ে অন্য কোনো উপায় না থাকায় ব্যাংকের আবেদনের ভিত্তিতে এ সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় দেশের ব্যাংকিং খাতে বড় অঙ্কের খেলাপি ঋণ ও পুনরুদ্ধার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ