খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান স্কোয়াডে বড় চমক, ফিরলেন বাবর

ক্রীড়া প্রতিবেদক |
০৬:০০ পি.এম | ২২ মে ২০২৬

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। ঘরের মাঠে ৩০ মে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে দলে সবচেয়ে বড় চমক হিসেবে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম।

গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা হয়নি তার। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আবারও জাতীয় দলে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার।

দলে ফিরেছেন আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার শাদাব খান ও নাসিম শাহ। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বাবর ও নাসিম। অন্যদিকে শাদাবের শেষ ওয়ানডে ছিল ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।

তবে নতুন স্কোয়াডে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। দল ঘোষণার পর তার বাদ পড়াই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

এবারের স্কোয়াডে সুযোগ পেয়েছেন পিএসএলের সেরা বোলার সুফিয়ান মুকিম। টুর্নামেন্টে ২২ উইকেট নিয়ে নজর কাড়েন এই তরুণ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২৫ সালের আগস্টে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

এদিকে বাংলাদেশের বিপক্ষে গত সিরিজে অভিষেক হওয়া কয়েকজন ক্রিকেটার এবার দল থেকে বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে আছেন ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন ও সুফিয়ান মুকিম।

প্রিন্ট

আরও সংবাদ