খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা বিভাগে চৌধুরী শফিকুল আলম শান্তনু ইসলাম ও আব্দুস সালাম

বিসিবি নির্বাচনে ৩৩ মনোনয়নপত্র জমা, ৭ জুন ভোট

ক্রীড়া প্রতিবেদক |
০৯:৪৮ পি.এম | ২২ মে ২০২৬


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে গতকাল শুক্রবার। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনের জন্য শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। এর মধ্যে ক্যাটাগরি-১ এ জমা পড়েছে ১৪টি, ক্যাটাগরি-২ এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ এ একটি মনোনয়নপত্র পাওয়া গেছে বলে জানান তিনি। সবমিলিয়ে ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও ৬টি জমা পড়েনি।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা এবং বিভাগ থেকে ১৯টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ৩টি করে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একটি করে এবং বরিশাল বিভাগ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে।
রাজশাহী, রংপুর ও সিলেট থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন একজন করে। এই তিন বিভাগ থেকে পরিচালকও হবেন একজন করে। এরমধ্যে রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন এবং সিলেট বিভাগ থেকে কাইয়ুম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অর্থাৎ যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, যাচাই-বাছাইতে বাদ না পড়লে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন পরিচালক।
এদিকে, ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন একজন। ওই ক্যাটাগরিতেও নির্বাচিত হবেন একজন। এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন।
ক্যাটাগরি-২ থেকে অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৮ জন। এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র তুলেছিলেনও ১৮ জন। বিসিবি সভাপতি তামিম ইকবালও নির্বাচন করছেন এই ক্যাটাগরিতে।
শুক্রবার দিনভর মনোনয়নপত্র গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আজকে (শুক্রবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল। আমরা মনোনয়ন ফর্ম জমা নিয়েছি সারা দিন ধরে। সকাল দশটায় আমরা এটা চালু করি এবং বিকেল পাঁচটা পর্যন্ত এটা চলে।’
তাহেরুল আরও বলেন, ‘তিনটা ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক নম্বর ক্যাটাগরি যেটা ক্যাটাগরি ওয়ান, সেখানে আমরা ১৪টি নমিনেশন ফর্ম গ্রহণ করেছি। আর ক্যাটাগরি (দুইতে) ১৮টি ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি থ্রিতে একটি।’
নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ নিয়ে তাহেরুল হক বলেন, ‘আজকে (শুক্রবার) এটা গ্রহণ করলাম। এটা যাচাই-বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে ২৩ মে। আমি আশা করছি যে, আগামীকাল (শনিবার) আমরা এটা যাচাই-বাছাই করব। বিসিবির গঠনতন্ত্র ২০২৪ সালে সংশোধন করা হয়েছে। আর নির্বাচন পরিচালনার জন্য করা নীতিমালা, এই দুইটি বিষয় মাথায় রেখেই আমরা যাচাই-বাছাই করব।’
সংবাদ সম্মেলনে বিভাগ ভিত্তিক মনোনয়ন জমাদানকারীদের নাম প্রকাশ করা হয়। 
ঢাকা বিভাগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন সাঈদ বিন জামান, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ ও জসিমউদ্দিন খান খোকন। 
খুলনা বিভাগ থেকে জমা পড়েছে চৌধুরী শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আব্দুস সালামের মনোনয়নপত্র।
চট্টগ্রাম বিভাগ থেকে ফর্ম জমা দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈনুদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম। 
রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন মনোনয়ন জমা দিয়েছেন। 
বরিশাল বিভাগ থেকে মুনতাসির আলম চৌধুরী ও মিজানুর রহমান এবং সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। ক্যাটাগরি-৩ থেকে একমাত্র মনোনয়ন জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
এ সময় শাহরিয়ার হোসেন বিদ্যুতের ফর্ম তোলার বিষয়েও কথা বলেন রিটার্নিং অফিসার। তিনি বলেন, ‘তিনি ফর্ম তুলেছিলেন। তবে গঠনতন্ত্র পর্যালোচনা করে আমরা দেখেছি, তিনি ক্যাটাগরি-৩ এ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন। তিনি খেলোয়াড় কল্যাণ সংস্থার একজন প্রতিনিধি। এ কারণে কাউন্সিলর হিসেবে থাকতে পারলেও পরিচালক পদে নির্বাচন করার যোগ্যতা তার নেই। গঠনতন্ত্র অনুযায়ী তিনি এই ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
তার ব্যাখ্যা, ‘হ্যাঁ, এখানে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনিও শুরুতে বিষয়টি পরিস্কারভাবে বুঝতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি নিজেই ফর্ম ফেরত দিয়েছেন।’

প্রিন্ট

আরও সংবাদ