খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুল-বিএসপিএ অ্যাওয়ার্ডে হামজার দাপট

ক্রীড়া প্রতিবেদক |
১০:০৪ পি.এম | ২২ মে ২০২৬


বাংলাদেশের ফুটবলে আলো ছড়ানো বছরের স্বীকৃতি পেলেন হামজা চৌধুরী। কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এ সবচেয়ে বড় তারকা হয়ে উঠলেন এই ফুটবলার। বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েস অ্যাওয়ার্ডসহ তিনটি পুরস্কার জিতেছেন তিনি।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। সেখানে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতেন হামজা। এই লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম।

অনলাইন ভোটে নির্ধারিত পপুলার চয়েস অ্যাওয়ার্ডেও সবার ওপরে ছিলেন হামজা। এই বিভাগে তিনি পেছনে ফেলেছেন ঋতুপর্ণা, আমিরুল ও ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে। এর সঙ্গে ঋতুপর্ণার সঙ্গে যৌথভাবে জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও। সব মিলিয়ে এক অনুষ্ঠানেই তিন পুরস্কারে স্মরণীয় হলো হামজার বিকেল।

ভিডিও বার্তায় পুরস্কার পাওয়ার অনুভূতি জানান হামজা। তিনি বলেন, এই স্বীকৃতি পেয়ে তিনি সত্যিই সম্মানিত। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ডকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার উল্লেখ করে পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। জাতীয় দলের প্রতি সমর্থনের জন্য ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে হামজা আশাবাদ প্রকাশ করেন, সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য আরও বড় কিছু অর্জন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড দীর্ঘদিন ধরে আয়োজিত হচ্ছে। ফুটবলার হিসেবে তিনি অতীতেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন, এবার ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আসতে পারাকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন তিনি।

স্কয়ার টয়লেট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ বলেন, বিএসপিএ দেশের প্রাচীনতম ক্রীড়া সাংবাদিক সংগঠনগুলোর একটি। এই পুরস্কার আয়োজনের অংশ হতে পেরে তাঁরা আনন্দিত।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতাকে বিশ্বমানের বলে উল্লেখ করেন। তবে উন্নতির আরও জায়গা আছে বলেও মনে করেন তিনি। এ সময় তিনি জানান, বিএসপিএ একটি স্পোর্টস জার্নালিস্টস ইনস্টিটিউট গড়ে তুলতে চায় এবং এ উদ্যোগে সবার সহযোগিতা প্রত্যাশা করে।

এবারের আয়োজনে বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও প্রতিষ্ঠান মিলিয়ে ১৬টি বিভাগে ১৫ জনকে সম্মাননা দেওয়া হয়। ট্রফির পাশাপাশি বিজয়ীদের দেওয়া হয় অর্থ পুরস্কারও। টানা ১১তম বছরের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড কুল।

একই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলিকেও পরিচয় করিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুক্রবার সকালেই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্বকাপার এই কোচ।

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫ বিজয়ীরা
বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী, ফুটবল

পপুলার চয়েস অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী, ফুটবল

বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা

বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন

বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম

বর্ষসেরা আর্চার: আবদুর রহমান আলিফ

বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খৈ খৈ সাই মারমা

বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল-আমিন জুমার

উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মণ্ডল, ক্রিকেট

বর্ষসেরা কোচ: পিটার বাটলার, নারী ফুটবল

সেরা আম্পায়ার: সেলিম লাকি, হকি

সেরা সংগঠক: কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, আর্চারি

গ্রাসরুটস স্পোর্টস পারসোনালিটি: আলমগীর কবির, ক্রিকেট কোচ

বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা, কাবাডি কোচ

সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি

সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

প্রিন্ট

আরও সংবাদ