খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৎ মেয়েকে ধর্ষণ, মায়ের মামলায় সৎ বাবা গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৫১ এ.এম | ২৩ মে ২০২৬


জয়পুরহাট শহরের একটি মহল্লায় ১২ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা করেছেন। এ ঘটনায় শিশুটির সৎ বাবা লিটনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত ১৩ মে দুপুরে মা কাজে থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন ওই শিশুকে ধর্ষণ করে এবং কাউকে জানাতে নিষেধ করে। পরে ১৮ মে লিটন আবারও তাকে কুপ্রস্তাব দিলে শিশুটি ভয় পেয়ে দৌড়ে ছাত্রাবাসে মায়ের কাছে গিয়ে সব বলে দেয়। মা এ বিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে তাকেও মারধর করে।
শিশুটির মা জানান, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কিছু লোক এবং আত্মীয়-স্বজন সামাজিক সম্মান ও মামলার খরচের ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং মেয়েকে হাসপাতালে নিতে বাধা দেয়। পরে বৃহস্পতিবার মেয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলা দায়ের পর শিশুর সৎ বাবাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ