খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৯০

খবর প্রতিবেদন |
০১:৪৩ পি.এম | ২৩ মে ২০২৬

 

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ‍নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (২৩ মে) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণটি ঘটে। ঘটনার সময় খনির ভূগর্ভে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আটজন নিহত হয়েছেন এবং ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে ভূপৃষ্ঠে নিয়ে আসা হয়েছে।

সিসিটিভি কর্তৃক প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে হেলমেট পরা উদ্ধারকর্মীরা স্ট্রেচার বহন করছেন এবং খনি এলাকায় অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম প্রাথমিকভাবে জানিয়েছিল, খনিতে অত্যন্ত বিষাক্ত ও গন্ধহীন গ্যাস কার্বন মনোক্সাইডের মাত্রা ‘নির্ধারিত সীমা অতিক্রম’ করার পর চারজনের মৃত্যু হয়েছে। কয়েক ডজন মানুষ আটকা পড়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভে আটকা পড়াদের মধ্যে কয়েকজনের অবস্থা ‘সংকটজনক’।

গত দশকে চীনে নথিভুক্ত হওয়া সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। ২০২৩ সালে উত্তর ইনার মঙ্গোলিয়ার একটি উন্মুক্ত কয়লাখনিতে ধসে ৫৩ জন নিহত হয়েছিল। আর ২০০৯ সালে উত্তর-পূর্ব হেইলংজিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষ মারা যায়।

সিনহুয়ার তথ্যমতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় কর্তৃপক্ষকে ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি দুর্ঘটনার কারণ ও এর জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

শি জোর দিয়ে বলেন, সকল অঞ্চল ও বিভাগকে অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে … এবং বড় ও ভয়াবহ দুর্ঘটনার সংঘটন দৃঢ়ভাবে প্রতিরোধ ও দমন করতে হবে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও একই নির্দেশনার পুনরাবৃত্তি করে সময়মতো ও নির্ভুল তথ্য প্রকাশ এবং কঠোর জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।

কিনইউয়ানের স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ