খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিভিন্ন ফরম্যাটে বড় পরিবর্তন আনছে আইসিসি

ওয়ানডেতে মাঠে ঢুকতে পারবেন কোচ, টেস্টে বল বদলের সুযোগ

ক্রীড়া প্রতিবেদক |
০৫:১৭ পি.এম | ২৩ মে ২০২৬


দুই দলের সম্মতিতে টেস্টে বল বদলের সুযোগ, ওয়ানডেতে পানি পানের বিরতিতে মাঠে হেড কোচের প্রবেশসহ আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক বড় পরিবর্তনের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ৩০ মে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসির বোর্ড সভায় অনুমোদন হয়ে গেলে শিগগিরই কার্যকর হতে পারে এসব নতুন নিয়ম। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়ানডে ক্রিকেটে নতুন প্রস্তাব অনুযায়ী, ম্যাচের ড্রিংকস ব্রেকের সময় হেড কোচ মাঠে ঢুকে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। বর্তমানে ওয়ানডেতে কেবল বদলি খেলোয়াড় বা ড্রিংকস বহনকারী সদস্যরা মাঠে প্রবেশ করতে পারেন। তবে নতুন নিয়ম চালু হলে কোচরাও মাঠে গিয়ে কৌশল, পরিকল্পনা বা তাৎক্ষণিক নির্দেশনা দিতে পারবেন।

ওয়ানডেতে প্রতি ইনিংসে সাধারণত দুটি ড্রিংকস ব্রেক থাকে, যেগুলো প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পরপর নেওয়া হয়। আইসিসি মনে করছে, এতে ম্যাচের কৌশলগত দিক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এখনো পরিষ্কার নয়, মাঠে ঢোকার সময় কোচদের দলের জার্সি পরতে হবে কি না।

ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের পরিকল্পনা করছে আইসিসি। এর মধ্যে একটি টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানো হচ্ছে। বর্তমানে দুই ইনিংসের মাঝে ২০ মিনিট বিরতি থাকে। নতুন প্রস্তাব অনুযায়ী সেটি কমিয়ে ১৫ মিনিট করা হতে পারে। অর্থাৎ দলগুলো কৌশল সাজানো ও বিশ্রামের জন্য পাঁচ মিনিট কম সময় পাবে। আইসিসি মূলত ম্যাচের গতি বাড়াতে এই পরিবর্তন আনতে চায়।

অবৈধ বোলিং অ্যাকশন ধরতে হক-আই প্রযুক্তির ব্যবহারেরও কথা ভাবা হচ্ছে। অন-ফিল্ড আম্পায়ারদের হক-আই ডেটা ব্যবহারের সুযোগ দেওয়ার কথা ভাবছে আইসিসি। এর মাধ্যমে ম্যাচ চলাকালেই সন্দেহজনক বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করা সহজ হবে।

সবচেয়ে আলোচিত প্রস্তাব হচ্ছে—প্রচলিত টেস্ট ম্যাচ চলাকালীন প্রয়োজনে লাল বলের বদলে পিঙ্ক বা গোলাপী বল ব্যবহার। আবহাওয়া বা আলোজনিত সমস্যায় দুই দলের সম্মতিতে ডে-নাইট কন্ডিশনে খেলা চালিয়ে যেতেই এই পরিকল্পনা। তবে কীভাবে ম্যাচের মাঝপথে লাল বল থেকে পিঙ্ক বলে পরিবর্তন হবে, সেই প্রক্রিয়া এখনো পুরোপুরি পরিষ্কার নয়। আইসিসি অনুমোদন দিলে পরে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারে।

প্রিন্ট

আরও সংবাদ