খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ক্যাম্প সরিয়ে নিল ইরান

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫৩ পি.এম | ২৪ মে ২০২৬

 

রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধকালীন পরিস্থিতির প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল ফুটবল বিশ্বকাপের আঙিনায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে পূর্বনির্ধারিত অনূষ্ঠানিক অনুশীলন ক্যাম্প করার কথা থাকলেও, ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে তা বাতিল করে মেক্সিকোতে নিজেদের ঘাঁটি স্থানান্তর করছে ইরান ফুটবল দল।

শনিবার ২৩ মে (২০২৬) ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ ফার্স নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেওয়ার যে অনুরোধ ইরান জানিয়েছিল, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তা অনুমোদন করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত শহর টিজুয়ানাতে অবস্থান করবে ইরানি দল। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এই শহরটিতে ইতিমধ্যে দলের থাকার ও অনুশীলনের সমস্ত ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। ফেডারেশন সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, এই স্থানান্তরের ফলে খেলোয়াড় ও স্টাফদের মার্কিন ভিসা প্রাপ্তির জটিলতা এড়ানো সম্ভব হবে এবং ইরান এয়ারের সরাসরি ফ্লাইটে দল মেক্সিকোতে পৌঁছাতে পারবে।

এছাড়া যাতায়াতের সুবিধাজনক সমীকরণ উল্লেখ করে তিনি বলেন, "অ্যারিজোনার টুকসনের চেয়ে টিজুয়ানা আমাদের ভেন্যুগুলোর অনেক কাছে। লস অ্যাঞ্জেলেসে আমাদের প্রথম দুটি ম্যাচের ভেন্যুতে পৌঁছাতে এখান থেকে বিমানে মাত্র ৫৫ মিনিট সময় লাগবে।"

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলের সাথে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বোমা হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যেহেতু এই বিশ্বকাপের প্রধান আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, তাই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে গত কয়েক মাস ধরেই বিশ্ব ক্রীড়াঙ্গনে নানামুখী গুঞ্জন ও শঙ্কা তৈরি হয়েছিল।

তবে সমস্ত রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে ফুটবলকে ঐক্যের প্রতীক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গত মাসে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে, ইরান পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলবে, কারণ ফুটবল মানুষকে বিভক্ত নয়, বরং একত্রিত করে।

ইরান দল বর্তমানে দক্ষিণ তুরস্কের আন্তালিয়াতে কন্ডিশনিং ক্যাম্প করছে এবং গত বৃহস্পতিবার দলের খেলোয়াড়রা আঙ্কারায় মার্কিন দূতাবাসে গিয়ে ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ফেডারেশনের সহ-সভাপতি মেহেদি মোহাম্মদ নবী জানিয়েছেন, রাজনৈতিক বৈরিতার কারণে সবার ভিসা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ফিফার নিয়মের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।

গ্রুপ ‘জি’-তে থাকা ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলের মাঠে মিশরের মুখোমুখি হবে তারা। আগামী ১১ জুন মেক্সিকোর মাটিতে বল গড়ানোর আগে মাঠের বাইরের এই ভিসা ও সীমান্ত নাটক বিশ্বকাপের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল।

প্রিন্ট

আরও সংবাদ