খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজের দিন বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

খবর প্রতিবেদন |
০৫:২৬ পি.এম | ২৪ মে ২০২৬


চলতি বছর পবিত্র হজ তথা আরাফাতের দিন মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এদিন পবিত্র কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে সূর্য। ইসলামি ক্যালেন্ডারের অন্যতম এই পবিত্র দিনে দুপুরে কাবাঘরের আশপাশে কোনো ছায়া দেখা যাবে না। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন বিরল ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে।

রোববার (২৪ মে) এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, এবার আরাফাতের দিন একটি মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। দুপুরের দিকে পবিত্র কাবাঘরের ঠিক ওপরে থাকবে সূর্য। ওই মুহূর্তে মক্কায় ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ঘটনাটি ঘটবে আগামী ২৭ মে দুপুরে। ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত প্রতিবছর দুবার কাবার ওপর সূর্য সরাসরি অবস্থান করে। মক্কার অবস্থান উত্তর অক্ষাংশের প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রিতে হওয়ায় সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কটক্রান্তির মধ্যে চলাচল করে, তখন এ ঘটনা ঘটে। তবে আরাফাতের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় তার এবারের ঘটনাকে বিশেষ করে তুলেছে।

তাদের মতে, সর্বশেষ ১৯৯৩ সালে এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্ববাসী। হিজরি চান্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান সৌর ক্যালেন্ডারের পার্থক্যের কারণেই এ বিরল সমাপতন তৈরি হয়। চান্দ্র বছরের চক্র একই সৌর তারিখের সঙ্গে আবার মিলতে প্রায় ৩৩ বছর সময় নেয়।

আজেল সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জোর দিয়ে বলেছে, এই ঘটনাটি প্রাকৃতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক পুনরাবৃত্তি। এর মানে এই নয় যে, তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাবে। কারণ তাপমাত্রা কেবল সূর্যের অবস্থানের ওপরই নির্ভল করে না, বরং আর্দ্রতা, মেঘের উপস্থিতি ও বায়ুপ্রবাহের গতিবিধিসহ একাধিক জলবায়ুগত কারণে প্রভাবিত হয়।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের সরকারি মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেছেন, স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রতি বছরই এই ঘটনাটি পর্যবেক্ষণ করা হয়। এই ঘটনার ফলে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির পাওয়ার যে অমূলক দাবি করা হয়, সেগুলো ব্যাখ্যা।

তিনি আরও বলেন, আবহাওয়ার তথ্য ও তাপমাত্রার প্রতিবেদনের নির্ভুলতা নিশ্চিত করতে কেন্দ্রটি পর্যবেক্ষণ কেন্দ্র, আধুনিক প্রযুক্তি এবং সংখ্যাসূচক পূর্বাভাস মডেলের একটি সমন্বিত ব্যবস্থার ওপর নির্ভর করে। গুজব বা প্রচারিত অসত্য তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস করার পরিবর্তে সরকারি ও নির্ভরযোগ্য মাধ্যমের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ