খুলনা | মঙ্গলবার | ২৬ মে ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

খবর প্রতিবেদন |
০২:৪৪ পি.এম | ২৫ মে ২০২৬

 

পবিত্র ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয় বাজুস। সংস্থাটি জানায়, নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে শনিবার (২৩ মে) একই পরিমাণে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৩২ দফা।

প্রিন্ট

আরও সংবাদ