খুলনা | মঙ্গলবার | ২৬ মে ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভয়াবহ বন্যার শঙ্কায় চীনে রেড অ্যালার্ট

খবর প্রতিবেদন |
০৫:৫৭ পি.এম | ২৫ মে ২০২৬


চীনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সর্বোচ্চ সতর্কবার্তা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় এবং আবহাওয়া প্রশাসন। রোববার (২৪ মে) যৌথভাবে এই সতর্কবার্তা জারি করা হয়।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, সোমবার (২৫ মে) রাত ৮টা পর্যন্ত আনহুই প্রদেশের পশ্চিমাঞ্চল ও হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে আকস্মিক পাহাড়ি বন্যার ঝুঁকি অত্যন্ত বেশি। ঝুঁকির দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে চেচিয়াং, আনহুই, চিয়াংসি এবং হুবেই প্রদেশের কিছু অংশে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকারগুলোকে রিয়েল-টাইম পর্যবেক্ষণ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের দ্রুত ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বন্যার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া প্রশাসন যৌথভাবে শানসি, আনহুই ও হুবেইসহ ১০টি প্রদেশে ভূতাত্ত্বিক বিপর্যয়ের ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে।

বিশেষ করে দক্ষিণ আনহুই এবং পূর্ব হুবেই অঞ্চলে ভূমিধসের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় সেখানে ‘অরেঞ্জ অ্যালার্ট’ দেওয়া হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে সরকারের সব স্তরকে অবিলম্বে জরুরি আপৎকালীন প্রোটোকল সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে সাধারণ জনগণকে আবহাওয়ার প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর রাখতে এবং পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ না করার জন্য কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: সিএমজি

প্রিন্ট

আরও সংবাদ