খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোংলায় ২৯০০ শ্রমিকদের মাঝে ঈদুল আযহার খাদ্যসামগ্রী বিতরণ

মোংলা প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ২৫ মে ২০২৬


মোংলা বন্দরে জাহাজে কর্মরত ২ হাজার ৯শ’ জন শ্রমিক-কর্মচারীর মাঝে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগাম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় ৩টি পৃথক স্থান থেকে শ্রমিক-কর্মচারীদের হাতে এ খাদ্য সামগ্রী তুলেন দেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, পৌর বিএনপি’র সভাপতি মোঃ জুলফিকার আলী ও পৌর সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক। 
এ সময় বক্তারা বলেন, মোংলা বন্দর আজ যে সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান এই ঘাম ঝরানো শ্রমিকদের। তাদের কষ্টের বিনিময়েই সচল থাকে বন্দরের চাকা। ঈদ যেন তাদের পরিবারের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, সেই লক্ষেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীর মাঝে বিতরণ করা হয়েছে  চাল, পোলাও চাল, মশুর ডাল, তেল, চিনি, সাবান, লবণ, সেমাই এবং প্যাকেট দুধসহ অন্যান্য মালামাল।
শ্রমিক নেতারা জানান, বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণে এবং তাদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। বিশেষ করে উৎসবের সময়গুলোতে শ্রমিকরা যাতে পরিবার-পরিজন নিয়ে সচ্ছলভাবে ঈদ কাটাতে পারেন তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, মাহবুবুর রহমান টুটুল, শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাহেব আলী মল্লিক, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন দিদারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা। 
উল্লেখ্য, মোংলা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে দিনরাত কাজ করে যাওয়া এই শ্রমিকদের জন্য শ্রতি বছরই বিশেষ সহায়তার ব্যবস্থা করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোংলা বন্দরের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক  সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ