খুলনা | শুক্রবার | ২৯ মে ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত ৩১

খবর প্রতিবেদন |
০১:২২ পি.এম | ২৭ মে ২০২৬

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণার পর লেবাননে এক দিনে অন্তত ৩১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবারের সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন।

একই সময়ে ইসরায়েলি স্থলবাহিনী দক্ষিণ লেবাননের আরও ভেতরে অগ্রসর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করার অংশ হিসেবে মঙ্গলবার মাত্র ১০ ঘণ্টার মধ্যে দক্ষিণ ও পূর্ব লেবাননের প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি বাহিনীর জারি করা এই সতর্কবার্তায় বাসিন্দাদের সম্ভাব্য হামলার আগে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে ও জাহরানি নদীর উত্তরে আশ্রয় নিতে বলা হয়েছে। নদীটি ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

এর আগে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী এখন লেবাননের ভেতরে অভিযান চালাচ্ছে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির সময়ও ইসরায়েলি বাহিনী শত শত হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর বড় একটি অংশ বর্তমানে লেবাননের ভেতরে অবস্থান করছে। তারা বিভিন্ন এলাকা দখল ও নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি একটি নিরাপদ এলাকা গড়তে চায়।

সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরায়েলের অত্যাধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে নিয়ন্ত্রিত ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ, যা ইসরায়েলি বাহিনীর জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে।

নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা এক মুহূর্তের জন্যও লড়াই থামাচ্ছি না। ইসরায়েলের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আরও পদক্ষেপ আসবে।

এদিকে উত্তর ইসরায়েলের কয়েকটি এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠার পর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করলেও তা জনবসতিহীন খোলা জায়গায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে সেটি রকেট নাকি ড্রোন ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা ৩২টি হামলা চালিয়েছে। এসব হামলায় ট্যাংক, সাঁজোয়া যান ও আয়রন ডোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার একটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া দুটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে সংগঠনটি।

প্রিন্ট

আরও সংবাদ