খুলনা | শুক্রবার | ২৯ মে ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
০৭:১৭ পি.এম | ২৯ মে ২০২৬


বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে রায়হান উদ্দিন সুমন সরদার (৪২) নামে এক বিএনপি নেতার। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া-সিংবাড়ি গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত সুমন সরদার ওই গ্রামের মৃত আবুল কালাম সরদারের ছেলে। তিনি ধানসাগর ইউনিয়ন বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে অবস্থি জেনারেল গ্রামীণ হাসপাতালেরও পরিচালক ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, দুপুরের খাওয়া-দাওয়া সেরে ঘরেই অবস্থান করছিলেন সুমন। এসময় তার স্ত্রী-সন্তানরা ছিলেন ঘরের বাইরে। এরই মধ্যে হঠাৎ চিৎকার শুনে তার স্ত্রী ঘরে গিয়ে স্বামীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলেন তা সঠিকভাবে বলতে পারেননি কেউ।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অন্তরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. শমিনুল হক বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যুর খবর শুনেছেন। এব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে বিএনপি নেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোল্লা ইসহাক আলী, বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন।

প্রিন্ট

আরও সংবাদ