খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিয়ানমারের উত্তরাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫

খবর প্রতিবেদন |
১২:৪৭ পি.এম | ০১ জুন ২০২৬


মিয়ানমারের উত্তরাঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। বিস্ফোরণের পর পুরো এলাকায় ধ্বংসস্তূপ, আগুন ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, মুহূর্তের মধ্যেই গ্রামের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়।

চীনের সীমান্তসংলগ্ন শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও পুরুষ দুজনই রয়েছেন। কয়েকজন শিশুও নিহত হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তথ্য বিবিসি

সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএনএলএর নিয়ন্ত্রণে রয়েছে এলাকাটি। গোষ্ঠীটির দাবি, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ থেকেই এই বিস্ফোরণ ঘটে।

টিএনএলএ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে বহু গ্রামবাসী নিহত ও আহত হয়েছেন। পাশাপাশি অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের জায়গায় বিশাল গর্ত তৈরি হয়েছে। আশপাশের অনেক ভবন ধ্বংস হয়ে গেছে। পুড়ে যাওয়া গাছপালা ও ধ্বংসাবশেষ থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের পর প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি বিমান হামলা। কারণ বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত শক্তিশালী এবং ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল।

একজন বাসিন্দা সামাজিক মাধ্যমে লিখেছেন, তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তার ভাষ্য, ঘরের অন্য জায়গায় থাকলে হয়তো তিনি বাঁচতেন না।

বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে খনিজ সম্পদ উত্তোলনের সময় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিনের সংঘাতের কারণে এসব অঞ্চলে ঝুঁকি আরও বেড়ে গেছে।

প্রিন্ট

আরও সংবাদ