খুলনা | বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিফা বিশ্বকাপের ভারতীয় সম্প্রচার স্বত্ব পেল জি

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৩৩ পি.এম | ০১ জুন ২০২৬

 

২০২৬ ফিফা বিশ্বকাপের ভারতীয় সম্প্রচার স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট। শুধু আগামী বিশ্বকাপ নয়, ২০২৬ থেকে ২০৩৪ সাল পর্যন্ত মোট ৩৯টি ফিফা ইভেন্টের মিডিয়া স্বত্ব কিনেছে প্রতিষ্ঠানটি।

এই চুক্তির আওতায় ২০২৬ ফিফা বিশ্বকাপ, ২০২৭ নারী বিশ্বকাপ এবং ২০৩০ বিশ্বকাপও ভারতে সম্প্রচার করবে জি। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই টুর্নামেন্ট ভারতে দেখা যাবে জির ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল এবং জি৫ প্ল্যাটফর্মে।

লাইভ ম্যাচের পাশাপাশি দর্শকেরা পাবেন হাইলাইটস, বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, বিশেষ ফিচার ও ফিফার ডকুমেন্টারি কনটেন্ট। অর্থাৎ শুধু ম্যাচ সম্প্রচার নয়, পুরো টুর্নামেন্ট ঘিরে বড় ধরনের কভারেজ পরিকল্পনা করছে জি।

স্পোর্টস সম্প্রচারে নিজেদের অবস্থান শক্ত করতে সম্প্রতি ইউনাইট৮ স্পোর্টস নেটওয়ার্ক চালু করেছে জি। এই নেটওয়ার্কের অধীন চারটি চ্যানেল ঘোষণা করা হয়েছে। ইউনাইট৮ স্পোর্টস ১ ও ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি থাকবে হিন্দি ভাষায়। ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি থাকবে ইংরেজি ভাষায়।

জি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী পুনিত গোয়েঙ্কা বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরগুলোর একটি ভারতীয় দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে তারা রোমাঞ্চিত। তার মতে, ফুটবল অঞ্চল ও বয়সভেদে বড় দর্শকগোষ্ঠী তৈরি করে, আর এই বিনিয়োগ ফুটবলের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি জির বিশ্বাসের প্রতিফলন।

ভারতে গত এক দশকে ফুটবল দর্শকসংখ্যা ধীরে ধীরে বেড়েছে। বিশ্বকাপ, ইউরোপীয় ক্লাব ফুটবল এবং ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারের কারণে তরুণ দর্শকদের মধ্যে ফুটবলের আগ্রহও বেড়েছে। সেই বাজার ধরতেই এবার ফিফার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল জি।

তবে বাংলাদেশি দর্শকদের জন্য বিষয়টি আলাদা। জির এই চুক্তি ভারতের সম্প্রচার স্বত্ব নিয়ে। বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপ কোন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে, সে বিষয়ে আলাদা ঘোষণার অপেক্ষা করতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ