খুলনা | বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান

খবর প্রতিবেদন |
১১:২৫ পি.এম | ০১ জুন ২০২৬

 

লেবাননে হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান। তেহরান লেবানন ও গাজায় ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, ‘লেবাননে জায়নবাদী শাসনের অপরাধ অব্যাহত থাকার কারণে’ ইরান মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচালিত আলোচনা এবং খসড়া নথি আদান-প্রদান বন্ধ করবে। তাসনিম নিউজ আরো জানিয়েছে, লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করা না হলে কোনো প্রকার আলোচনায় বসবে না তেহরান।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং যেকোন শান্তি চুক্তির অংশ হিসেবে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে।

ইরানি কর্মকর্তারাও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তির আওতায় রয়েছে, কিন্তু সেই চুক্তি ‘সব ক্ষেত্রেই’ লঙ্ঘন করা হচ্ছে।

লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোমবার (১ জুন) জরুরি বৈঠকে বসার কথা রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে অনেক ভেতরে অবস্থিত একটি মধ্যযুগীয় দুর্গ ইসরায়েলি বাহিনী দখল করার পর এই বৈঠক আহ্বান করা হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতে হিজবুল্লাহর কথিত ‘সন্ত্রাসী সদরদপ্তর’ লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছেন। এর ফলে লেবাননে চলমান সংঘাত আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বারবার জোর দিয়ে বলেছে যে গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং যেকোনও শান্তি চুক্তির অংশ হিসেবে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ