খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়লো ১২ কেজি ওজনের ভেটকি মাছ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:০০ এ.এম | ০২ জুন ২০২৬


সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা এলাকায় খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ভেটকি মাছ। সোমবার ভোর রাতে নদীতে ফাঁস জালের মাধ্যমে মাছটি ধরেন কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজী। বিশাল আকারের এই মাছটি দেখতে স্থানীয় কাপসন্ডা মাছের আড়তে ভিড় জমায় উৎসুক মানুষ। অনেকেই মাছটির সঙ্গে ছবি তোলেন। 
জেলে রবিউল ইসলাম গাজী জানান, ২০২৬ সালে খোলপেটুয়া নদী থেকে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারই তার জালে সর্বোচ্চ ১২ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছে।  ভেটকি মাছটি পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। এছাড়া একই সময় ২ কেজি ওজনের আরেকটি মাছ পেয়েছেন তিনি।
কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানান, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ আসেনি। খোলপেটুয়া নদী থেকে ধরা পড়া ১২ কেজি ওজনের এই মাছটি প্রথমবারের মতো আড়তে আসে। মাছটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হয়। ঢাকায় চাকরি করা স্থানীয় একজন বাসিন্দা একাই পুরো মাছটি কিনে নিয়েছেন। 
স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও মাঝে মাঝে বড় আকারের বিভিন্ন প্রজাতির  মাছ পাওয়া যায়, যা নদীর জীববৈচিত্র্যের ইতিবাচক দিক তুলে ধরে। স্থানীয় মৎস্যজীবীরা আশা করছেন নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে এবং জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
 

প্রিন্ট

আরও সংবাদ