খুলনা | শনিবার | ০৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেহেরপুরে চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

খবর প্রতিবেদন |
০৫:৪৬ পি.এম | ০২ জুন ২০২৬

 

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে টায়ার চুরি করতে এসে স্থানীয়দের গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোরে বামন্দী বাসস্ট্যান্ড এলাকার খোকন এন্টারপ্রাইজ নামের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৫টার দিকে পাঁচ সদস্যের একটি চোরচক্র একটি পিকআপ ভ্যান নিয়ে খোকন এন্টারপ্রাইজে আসে। তারা দোকানের তালা ভেঙে তিন জোড়া ট্রাকের টায়ার পিকআপে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় দোকান মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।

একপর্যায়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে চক্রের চার সদস্য পালিয়ে গেলেও একজন ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। স্থানীয়দের দাবি, আহত অবস্থায় আটক ব্যক্তিকে কিছু সময় ঘটনাস্থলে রাখা হয় এবং সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার হোসেন জানান, রাতে তিনি দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম ভেঙে সিসি ক্যামেরায় দেখতে পান দোকানের সামনে একটি নীল রঙের পিকআপে টায়ার তোলা হচ্ছে। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ওই ব্যক্তিকে আটক করা হলেও সকাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। ঘটনাস্থলের অদূরেই বামন্দী পুলিশ ক্যাম্প রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদি হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ