খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাঙচুর

কয়রা প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ০২ জুন ২০২৬


কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয় সাংবাদিকের বাড়ির বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে দিয়েছে প্রতিপক্ষরা। নিরুপায় হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তার ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, শিমলারআইট গ্রামের একটি জায়গার মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঐ জমিতে গত ৩১ মে উভয় পক্ষ অবস্থান নিলে এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষ সিরাজুল সরদার গংরা সাংবাদিক আঃ হালিমের বাড়িতে দফায় দফায়  হামলা চালিয়ে তার ঘর ভাঙচুর করে। এ ছাড়া বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে সাবাড় করে দেয়। সাংবাদিক আঃ হালিম দৈনিক জনতার চিফ ফটো সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি ঢাকাস্থ খুলনা বিভাগীয় ফোরামের সাংগঠনিক সম্পাদক। ঐ ঘটনায় তার ভাইসহ কয়েকজন আহত হয়। তাদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরের দিন তাদের বাড়ির মাটি কেটে নিয়ে গেছে ঐ প্রতিপক্ষরা। এ ব্যাপারে সাংবাদিক আঃ হালিমের ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে। কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ