খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোল্লাহাটে দিগঙ্গা গ্রামে চাচাতো মামার লালসার শিকার সপ্তম শ্রেণির ছাত্রী

মোল্লাহাট প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ০৩ জুন ২০২৬


মোল্লাহাটে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৌতম সমাদ্দার গৌর দিগঙ্গা গ্রামের বিশ্ব সমাদ্দারের ছেলে এবং সম্পর্কে ধর্ষিতা শিশুটির মামা অর্থাৎ মায়ের চাচাতো ভাই। গত রোববার রাত ১১টার দিকে উপজেলার গাওলা ইউনিয়নের দিগঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী পরিবারটিকে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই  অভিযুক্ত গৌর সমাদ্দার পালাতক রয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দিগঙ্গা গ্রামের বাসিন্দা গৌর সমাদ্দার ওই শিশুকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির কান্নাকাটিতে বিষয়টি প্রকাশ পেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী দরিদ্র পরিবারটিকে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। একই সাথে ঘটনাটি নিয়ে থানা-পুলিশ না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে ।
স্থানীয় ইউপি সদস্য ভজন সমাদ্দারসহ এলাকাবাসী জানান, ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অর্থের বিনিময়ে এই অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানান, ধর্ষণের শিকার একটি শিশু মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে হাসপাতাল সুত্র আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে তাদের থানায় নিয়ে আসে এবং লিখিত এজাহার দায়েরের পরামর্শ দেয়া হয়। ভুক্তভোগীর পিতা পরিবারের সাথে পরামর্শের জন্য সময় চেয়ে চলে যায় আর ফিরে আসেনি। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযুক্ত গৌর সমাদ্দারকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ