খুলনা | শনিবার | ০৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

খবর প্রতিবেদন |
০২:৪৯ পি.এম | ০৩ জুন ২০২৬

 

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী–এর বহরে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি।

ঘটনার পর বুধবার দুপুর ১টা ৫৮ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বিস্তারিত জানান। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো-

তিনি লেখেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে।’

নাসীরুদ্দিন লেখেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।’

ফেরার পথে গাড়িতে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।’

সবশেষে তিনি লেখেন, ‘সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।’

জানা গেছে, ‘পুশ-ইন’ ইস্যু নিয়ে একটি প্রতিনিধি দল নিয়ে বেনাপোল সীমান্ত এলাকায় যান নাসীরুদ্দিন পাটওয়ারী। সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলায় জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ