খুলনা | শুক্রবার | ০৫ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

নিজস্ব প্রতিবেদক |
০২:২০ পি.এম | ০৪ জুন ২০২৬


সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

আজ বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

একই দিন সকালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে থাকেন দলের নেতা-কর্মী ও স্থানীয়রা। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন জানান।

প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা-কলারোয়া ও সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তের মাধ্যমে। তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সমাজ সেবক মীর জিল্লুর রহমান বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিবের নিয়োগে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও তিনি দলীয় সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখেন।

প্রিন্ট

আরও সংবাদ