খুলনা | শুক্রবার | ০৫ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিল্লিতে আগুনে নিহতদের একজন বাংলাদেশি: হাই কমিশন

খবর প্রতিবেদন |
০১:০৫ এ.এম | ০৫ জুন ২০২৬

 

ভারতের রাজধানী দিল্লির ‘ফ্লোরিশ স্টে বিএনবি’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মধ্যে এক বাংলাদেশি রয়েছেন।

ঘটনার সর্বশেষ তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে দিল্লির বাংলাদেশ হাই কমিশন তাদের ফেইসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, নিহত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ নুরুল আমিন (৪৪)।

হাই কমিশন তার মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের প্রক্রিয়া ও সহযোগিতা চালিয়ে যাচ্ছে বলে এতে তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে ঘটে যাওয়া ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা এই দুটি পরিবারই মূলত কাছের ম্যাক্স হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে দিল্লিতে এসেছিলেন।

নয়া দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাদের পরিবারগুলোর সঙ্গে হাই কমিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। সকালে ভারতে বাংলাদেশের হাই কমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সব বাংলাদেশি নাগরিককে দেখতে যান এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে এবং রোগীদের ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালেই অবস্থান করছেন।

ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সব ধরনের সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাই কমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছে বলে বিবৃতিতে বলা হয়।

এর আগে, ভারতীয় কর্তৃপক্ষের ত‌থ্যের বরা‌তে বৃহস্প‌তিবার সকা‌লে হাইক‌মিশন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আটজনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন  চিকিৎসকেরা।

এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকেরাও হতাহত হয়েছেন। ভারতীয় নাগরিকদের মধ্যে ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন।

সব মিলিয়ে এ ঘটনায় মোট ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ