খুলনা | শুক্রবার | ০৫ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে বেসরকারি হাসপাতাল থেকে মায়ের সহায়তায় মেয়েকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৫৭ এ.এম | ০৫ জুন ২০২৬


যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় মায়ের সহযোগিতায় মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে। মেয়েকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার অপহৃত সিজা খন্দকারের পিতা মোহাম্মদ আকাশ খন্দকার নামে এক ব্যক্তি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিবাদীরা হলেন, খড়কি এম এম কলেজ পোস্ট অফিস গেট এলাকার শরীফ আব্দুল্লাহ ও তার দুই ছেলে শরীফ আল মামুন নোবেলে, শরীফ আল মামুন হিমেল এবং নাজির শংকরপুর এলাকার মীর হাফিজের মেয়ে নিলুফার বেগম (সিজা খন্দকারের মা)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আকাশের মেয়ে সিজা খন্দকার বিবাহিত ও তার স্বামী বিদেশে থাকেন। বিবাদী নোবেল প্রায় সিজাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানার পর সিজার পরিবার নোবেলের পরিবারকে জানালে তারা কোনো কর্ণপাত করেননি। বরং ক্ষিপ্ত হয়ে সিজাকে ক্ষতি করার হুমকি দেন নোবেল। সিজা অসুস্থ হওয়ায় তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ জুন গভীর রাতে অভিযুক্তরা ওই হাসপাতালে গিয়ে সিজা ও তার মাকে অপহরণ করে নিয়ে যান। এর মধ্যে পরে নিলুফার (সিজার মা) মুঠোফোন থেকে নোবেল কল করে সিজা ও তার মাকে ঢাকায় নিয়ে গেছেন বলে আকাশকে জানান এবং ফোন কেটে দেন।  পরবর্তীতে সিজার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে উদ্ধারে ব্যর্থ হয়ে কোতোয়ালি থানায় এ অভিযোগ দিয়েছেন।
আকাশ খন্দকার জানান, অপহরণকারী নোবেল কৌশলে আমার স্ত্রী নিলুফা বেগমের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন প্রলোভনে তাকে ম্যানেজ করে মেয়ে সিজা খন্দকারকে অপহরণ করা হয়েছে। ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য আমাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ