খুলনা | শুক্রবার | ০৫ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা পাসপোর্ট অফিসের সামনে থেকে অভিনব কায়দায় খুবি কর্মকর্তার মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক |
০২:০১ এ.এম | ০৫ জুন ২০২৬


খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান ফটকের সামনে থেকে অভিনব কায়দায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংঘবদ্ধ চোরের একটি দল মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী খুলনা বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে আতিয়ার রহমান পাসপোর্ট সংক্রান্ত কাজে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে যান। তিনি তার ব্যবহৃত টিভিএস মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নং খুলনা মেট্রো ল ১২-৯৭১১) অফিসের মূল ফটকের সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা পর বাইরে এসে তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি সেখানে নেই।
পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, প্রথমে হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে এসে আতিয়ার রহমানের বাইকের পাশে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সে কৌশলে মোটরসাইকেলটির লক খুলে দিয়ে স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পরে ঘিয়ে (হালকা বাদামি) রঙের টি-শার্ট পরিহিত এক যুবক এসে মোটরসাইকেলটি চালিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এ ঘটনায় আতিয়ার রহমান সোনাডাঙ্গা থানায় মামলা (নং-৫, ০৪/০৬/২০২৬) দায়ের করেছেন।
খুবি’র ডেপুটি রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান জানান, বেলা ১১টার দিকে নিজের পাসপোর্ট নবায়ন করার জন্য তিনি খুলনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান। আধা ঘণ্টার কাজ শেষে ফিরে এসে দেখেন তার ব্যবহৃত মোটরসাইকেলটি অফিসের অনির্ধারিত গ্যারেজে নেই। ঘটনার পর পর তিনি অফিসের উপ-পরিচালককে বিষয়টি অবগত করেন।
তিনি আরও জানান, পাসপোর্ট অফিসের সিসি ফুটেজে দেখা যায় এক যুবক মোটরসাইকেলে চড়ে কেন্দ্রের অনির্ধারিত গ্যারেজের সামনে এসে মাস্টার কি ব্যবহার করে তার গাড়ির তালা খুলে ফেলে। এরপর ওই যুবক তার মোটরসাইকেলটি নিয়ে বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পর অপর এক যুবক এসে আতিয়ার রহমানের গাড়িটি নিয়ে চলে যায়। ঘটনার পর তিনি সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করেন। থানার অফিসার ইনচার্জ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
ভুক্তভোগী মোটরসাইকেলটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে কেউ মোটরসাইকেলটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে এবং মোটরসাইকেল উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ