খুলনা | শনিবার | ০৬ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুশইন ব্যর্থ, বিজিবির বাধায় ‘নো-ম্যানস ল্যান্ডে’ ১৭ জন

খবর প্রতিবেদন |
০৫:৪৮ পি.এম | ০৫ জুন ২০২৬

 

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনে চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে কলমুডাঙ্গা সীমান্তের মেইন পিলার ২৩৭-এর পাশ দিয়ে তাদেরকে পুশইনের চেষ্টা করা হয়।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে আলোচনা চলছে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, আজ সকালে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের মেইন পিলার ২৩৭-এর পাশ দিয়ে ১৭ জন ব্যক্তিকেে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেয় হাঁপানীয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। বিজিবির কঠোর অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হলেও ওই ব্যক্তিরা বর্তমানে দুই দেশের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন। এদিকে ১৬ বিজিবি কোম্পানি কমান্ডার আরিফুল ইসলাম মাসুম সেখানে ব্যাটেলিয়ান বাহিনী নিয়ে সজাগ আছেন।

অনুপ্রবেশের এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুরে ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি জরুরি ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে ভারতের এই পুশইন চেষ্টার তীব্র বিরোধিতা করা হয়। তবে তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএসএফের গড়িমসি ও অস্পষ্ট অবস্থানের কারণে প্রথম দফার বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

এদিকে পতাকা বৈঠকে তাৎক্ষণিক কোনো সুরাহা না হওয়ায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। হাঁপানীয়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে সমস্যা সমাধানে বিএসএফের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হয়েছে।

এ বিষয়ে ১৬ বিজিবি কোম্পানি কমান্ডার আরিফুল ইসলাম মাসুম এশিয়া পোস্টকে জানান, সীমান্তের কাঁটাতারের গেট খুলে সকালে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বিজিবি টহল দল দেখতে পেয়ে তারা পুশইনে ব্যর্থ হয়েছে। অনুপ্রবেশকারীরা শূন্যলাইনে ভারতীয় লাইনে আছে এখনও। এ ছাড়া পতাকা বৈঠকে অনুপ্রবেশকারীদের অস্বীকার করেছে বিএসএফ। ভারত থেকে পুশইন হয়ে আশা কাউকে নিতে পারবে না বিজিবি। শূন্যলাইনে বিজিবির অবস্থান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ