খুলনা | রবিবার | ০৭ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ উন্মাদনায় খুলনায় জমজমাট জার্সি ও ফুটবল সামগ্রীর বাজার

এস এম জাহিদ |
০১:৫৭ এ.এম | ০৬ জুন ২০২৬


বিশ্বকাপ ফুটবলকে ঘিরে খুলনায় শুরু হয়েছে ফুটবল প্রেমীদের ব্যাপক উন্মাদনা। প্রিয় দলের জার্সি, পতাকা ও ফুটবল সামগ্রী কিনতে প্রতিদিনই ভিড় করছেন ক্রীড়াপ্রেমীরা। ফলে নগরীর খেলাধুলা মার্কেটসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে বেড়েছে কেনাবেচা। খুলনার ঐতিহ্যবাহী খেলাধুলা মার্কেটের ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ সামনে রেখে জার্সির চাহিদা কয়েকগুণ বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সি। এর পাশাপাশি স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের জার্সির চাহিদাও রয়েছে। প্রতিদিন শতাধিক ক্রেতা জার্সি কিনতে আসছেন বলে জানান বিক্রেতারা। 
রয়েল স্পোর্টসের মালিক রাসেল বলেন, “বিশ্বকাপ উপলক্ষে জার্সির বিক্রি উলে­খযোগ্য হারে বেড়েছে। প্রতিদিন ৫০টির বেশি জার্সি বিক্রি হচ্ছে। বিশ্বকাপ শুরু হলে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।”
জার্সি কিনতে আসা ফুটবলপ্রেমী তালহা হোসেন বলেন, “আমি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের আগে প্রিয় দলের জার্সি কিনতে এসেছি। বন্ধুদের সঙ্গে খেলা দেখার পাশাপাশি মাঠেও জার্সি পরে খেলব।”
বাজার ঘুরে দেখা গেছে, দেশীয় মানের হাফস্লিভ জার্সি ৪০০ থেকে ৮০০ টাকায় এবং প্লেয়ার এডিশন জার্সি প্রায় ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। শিশুদের জার্সির দাম ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে। এছাড়া শর্টস, ফুটবল, বুট, শিনগার্ডসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীর বিক্রিও বেড়েছে। খেলাধুলা মার্কেট ছাড়াও নগরীর বিভিন্ন ফ্যাশন হাউজ, বড় বাজার ও অস্থায়ী দোকানগুলোতে বিশ্বকাপের জার্সি ও বিভিন্ন দেশের পতাকা বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের ধারণা, বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, খুলনার বাজারে ফুটবল উন্মাদনা ততই বাড়বে।

প্রিন্ট

আরও সংবাদ