খুলনা | রবিবার | ০৭ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

খবর প্রতিবেদন |
০২:১২ এ.এম | ০৭ জুন ২০২৬


লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে এবার ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তিকে পুশ ইনের (ঠেলে পাঠানো) চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। পরে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে বিষয়টি নিশ্চিত হয়ে ওই ব্যক্তিকে পুনরায় একই পথে শূন্যরেখায় ফিরিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেল ৫টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় লোকজন জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৫ নম্বরের উপপিলার ৫ নম্বরের একদিকে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত। অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পকেটপাড়া সীমান্ত এলাকা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও বিজিবির সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট দিয়ে এক ব্যক্তিকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠান। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক বিজিবিকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হয়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে ঘটনাস্থলসংলগ্ন কাঁটাতারের বেড়ার একই পথে শূন্যরেখায় ফিরিয়ে দেন। এ সময় বিএসএফ তাঁকে আবারও ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় লোকজন তা প্রতিহত করে।
সর্বশেষ ওই ব্যক্তিকে ভারতের শূন্যরেখার প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান নিতে দেখা গেছে। ঘটনাস্থলের উভয় সীমান্তে বিজিবি-বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে কালীরহাট বিজিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশ ইনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে বিএসএফের দাউয়াকামারী ক্যাম্পের কমান্ডারকে প্রতিবাদ জানিয়ে ওই ব্যক্তিকে অভ্যন্তরে নেওয়ার জন্য বলা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ