খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ৮ ঘণ্টা ধরে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |
০৩:১০ পি.এম | ০৭ জুন ২০২৬

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে রিপোর্টটি লেখা পর্যন্ত খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া উদ্ধারকাজ চলমান রয়েছে।

সাফদারপুর স্টেশনমাস্টার মো. গোলাম রসুল নয়ন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে এর পেছনের ৩টি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ঠিক কখন উদ্ধার অভিযান শেষ হবে। তা সঠিক করে বলা যাচ্ছে না।  কারণ বগি উদ্ধারের পর লাইন ও সংস্কার করতে হবে।  এখনো বেশ সময় লাগবে।

প্রিন্ট

আরও সংবাদ