খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সর্বোচ্চ ভোটে বিসিবি পরিচালক হলেন তামিম, হারলেন মিতু-আমজাদরা

ক্রীড়া প্রতিবেদক |
০৬:৪৬ পি.এম | ০৭ জুন ২০২৬


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে ভোট গ্রহণ চলে। ভোট শেষে সন্ধ্যার দিকে ফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭৪টি।

এই ক্যাটাগরিতে ১২ পরিচালক পদের জন্য লড়েছেন ১৬ জন প্রার্থী। তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

ভোটের হিসাবে তামিমের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট। ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪ ভোট। মির্জা ইয়াসির আব্বাসের ভোট ৬৩। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ ভোট। ডা. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।

ক্লাব ক্যাটাগরিতে হেরে যাওয়া চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুর মিতু ও মেজর ইমরোজ আহমেদ। তাদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।

বিসিবির এবারের নির্বাচন ঘিরে আগেই আলোচনায় ছিলেন তামিম। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর নির্বাচনে অংশ নেন তিনি। শেষ পর্যন্ত ভোটেও সবচেয়ে বেশি সমর্থন পেলেন সাবেক এই ওপেনার।

ক্লাব ক্যাটাগরির ফল ঘোষণার মধ্য দিয়ে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলো। এখন নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই পরবর্তী নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া এগোবে।

প্রিন্ট

আরও সংবাদ