খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পানিতে ডুবে কুষ্টিয়াসহ চার জেলায় ৭ জনের মৃত্যু, সবাই শিশু-কিশোর

খবর ডেস্ক |
০১:৫২ এ.এম | ০৮ জুন ২০২৬


পানিতে ডুবে চার জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচটি শিশু, দু’জন কিশোর। রোববার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে এসব ঘটনা ঘটে। দু’জন করে মৃত্যু হয়েছে ময়মনসিংহ, নীলফামারী ও পঞ্চগড়ে। একজন মারা গেছে কুষ্টিয়ায়।
কুষ্টিয়া : জেলার কুমারখালীতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সাউবান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিফাত (৫) নামের আরও এক শিশু আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর হাসিমপুর ইকোপার্ক-সংলগ্ন পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাউবান খোকসার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি এলাকার জাহিদ হোসেনের ছেলে ও কুমারখালীর হাসিমপুর এলাকার আজিজুল শেখের নাতি। আর আহত সিফাত হাসিমপুরের জালাই সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সাউবান পরিবারের সঙ্গে ঢাকায় থাকত। শনিবার বিকেলে সে তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। রোববার সাউবান ও সিফাত খেলতে বের হয়। এরপর হাসিমপুর পদ্মা নদীর পাড়ে পানিতে এক জোড়া স্যান্ডেল ও সিফাতকে ভাসতে দেখে স্থানীয় লোকজন সিফাতকে উদ্ধার করে হাসিমপুর বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সাউবানকে না পেয়ে তাঁরা পদ্মা নদীর কোলে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর একই স্থান থেকে সাউবানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম বলেন, নানা বাড়িতে বেড়াতে নদীর কোলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেক শিশু বাড়িতে চিকিৎসাধীন। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ : জেলার মুক্তাগাছায় বেলা দুইটার দিকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দু’টির নাম মোঃ হোসাইন (৬) ও মারিয়াম (৫)। তারা চাচাতো ভাই-বোন। হোসাইনের বাবার নাম আনোয়ার হোসেন ও মারিয়ামের বাবা মোঃ সাকিব। তাঁরা রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নীলফামারী : জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুপাইয়া আক্তার (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আশফিকা আক্তার (৪)। তারাও সম্পর্কে চাচাতো ভাই-বোন।ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই বাড়ির দুই ভাইয়ের দু’টি অবুঝ শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় স্তব্ধতা নেমে এসেছে।
পঞ্চগড় : গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে আবদুর রহিম (১৪) ও রাজিব হোসেন ওরফে লাবিব (১৬) নামের দুই কিশোর মারা গেছে। রোববার দুপুরের পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের দশমাইল-দক্ষিণ সাহেবীজোত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম সাতমেরা ইউনিয়নের শিতলী হাসনা এলাকার প্রয়াত জাকির হোসেনের ছেলে এবং রাজিব হোসেন একই ইউনিয়নের সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। নিহত আবদুর রহিমের বাবা জাকির হোসেন প্রায় দুই বছর আগে নদীতে ডুবে মারা গিয়েছিলেন।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ