খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

১১তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় কেসিসি প্রশাসক

মরহুম এড. শেখ রাজ্জাক আলী ছিলেন এতদাঞ্চলের একজন জননন্দিত নেতা

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ০৮ জুন ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন মরহুম এড. শেখ রাজ্জাক আলী ছিলেন এতদাঞ্চলের একজন জননন্দিত নেতা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি যে সুনাম অর্জন করেছিলেন আজও জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করে। কয়রা ও পাইকগাছা উপজেলা ছাড়াও খুলনা শহরের অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও জাতীয়করণের সাথে তিনি নানাভাবে সম্পৃক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি সুনামের সাথে পরিচালিত করতে পারলেই তার স্মৃতিকে আমরা সম্মান জানাতে পারবো। 
তিনি রোববার বিকেলে সিটি ল’ কলেজের প্রতিষ্ঠাতা ও জাতীয় সংসদের সাবেক স্পিকার এড. শেখ রাজ্জাক আলী’র ১১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি ল’ কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। 
দক্ষিণাঞ্চলের এ প্রজ্ঞাবান নেতাকে ছাত্র জীবনের শিক্ষক এবং রাজনৈতিক জীবনের অভিভাবক হিসেবে উল্লেখ করে কেসিসি প্রশাসক আরো বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি থাকাকালীন দীর্ঘ দশ বছর এ নেতার সান্নিধ্যে থেকে মানুষের কল্যাণে কাজ করেছি। মানুষের কাজে তিনি কখনো বিরক্ত হতেন না এবং আমাদেরও বিরক্ত না হয়ে ধৈর্য্য নিয়ে মানুষের জন্য কাজ করার উপদেশ দিতেন। কয়রা-পাইকগাছা উপজেলা বিদ্যুতায়নের আওতায় আনাসহ খুলনা বিশ^বিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নসহ খুলনার বিভিন্ন উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর কর্মজীবন অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং মহানগরীর কোন সড়ক বা প্রতিষ্ঠান তাঁর নামে নামকরণ করা হবে বলে উল্লেখ করেন। পরে তিনি কলেজ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।
সিটি ল’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান। স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ এড. এম এ আউয়াল রাজ। অন্যান্যের মধ্যে আইনজীবী ড. মোহাম্মদ জাকির হোসেন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, কবি কামরুল হাসান মৃধা এবং পরিবারের পক্ষে আব্দুল্লাহ আল বাহরাব বক্তৃতা করেন। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মরহুম এড. শেখ রাজ্জাক আলীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ‘খুলনা কবি-সাহিত্যিক ফোরাম’ ও ‘ভাষাসৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ’-এর সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ। এ সময় তিনি রাজ্জাক আলীর লেখা একটি কবিতা এবং তাঁর নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও নারী নেত্রী এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।

প্রিন্ট

আরও সংবাদ