খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

খবর প্রতিবেদন |
০১:৩৮ পি.এম | ০৮ জুন ২০২৬

 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে মিন্দানাও দ্বীপের উপকূলে এ ভূকম্পন অনুভূত হয়। আকস্মিক এই দুর্যোগে মিন্দানাও দ্বীপে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

ভূমিকম্পের তীব্রতায় অঞ্চলটির অসংখ্য ঘরবাড়ি ও বহুতল ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর ফিলিপাইনসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার সকালে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দেশের অফিস অফ সিভিল ডিফেন্স এবং ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলসহ সব জরুরি উদ্ধারকারী সংস্থাকে সক্রিয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মিন্দানাওয়ের বেশ কয়েকটি প্রদেশের স্কুল আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সুনামি থেকে বাঁচতে উপকূলীয় অঞ্চলের নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মার্কোস।

দেশবাসীকে সুনামির সতর্কবার্তা অবহেলা না করারও আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে বলেছে, ভূমিকম্পের প্রভাবে ফিলিপাইনের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচুঁ সুনামি তরঙ্গ আঘাত হানতে পারে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপান সরকারও তাদের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে যুক্তরাষ্ট্রের উপকূলে সুনামির কোনো বিপদ নেই। তারা প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ২ অনুমান করলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৮ বলে নিশ্চিত করে।

পরিস্থিতি বিবেচনায় ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস) দেশের সারেঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই এবং সুলুসহ ৯টি উপকূলীয় প্রদেশের মানুষকে অবিলম্বে সমুদ্রতীর ছেড়ে মূল ভূখণ্ডের ভেতরের দিকে অথবা পাহাড়ি উঁচু জায়গায় আশ্রয় নিতে বলেছে।

সংস্থাটি আরও নির্দেশ দিয়েছে, বন্দর, নদী ও সাগরের মোহনায় থাকা সব নৌকার মালিকরা যেন তাদের জলযানগুলো নিরাপদ দূরত্বে বেঁধে রাখেন এবং যারা ইতোমধ্যে গভীর সাগরে মাছ ধরতে চলে গেছেন, তারা যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওখানেই অবস্থান করেন।

অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সরকারি বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, মিন্দানাওয়ের জেনারেল সান্তোস সিটিতে একটি তিন তলা জলিবিস রেস্তোরাঁ ভবন মুহূর্তের মধ্যে ধুলোর মেঘ উড়িয়ে হুড়মুড়িয়ে ধসে পড়ছে। এই দৃশ্য দেখে চারপাশের পথচারীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। অন্যান্য ছবিতেও বিভিন্ন ভবনের ছাদ ধসে পড়া এবং জানালার কাঁচ ভেঙে পড়ার মতো ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে।

জেনারেল সান্তোস সিটি পুলিশের মাস্টারসার্জেন্ট রবার্ট ডাগন জানান, ‘অনেক বড় ভবন ও ঘরবাড়ি ধসে পড়েছে। আমরা উদ্ধারকাজে ব্যস্ত থাকায় ক্ষতিগ্রস্ত ভবনের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব হচ্ছে না।’

প্রিন্ট

আরও সংবাদ