খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় র‍্যাবের অভিযানে আটক ‘বি–কোম্পানি’র সহযোগী সজল আকন, পাঁচ দিনে গ্রেপ্তার ২৯১ জন

নিজস্ব প্রতিবেদক |
০৩:৫৪ পি.এম | ০৮ জুন ২০২৬


খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চালিয়ে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গতকাল রোববার (০৭ জুন) সন্ধ্যা থেকে আজ সোমবার (০৮ জুন) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে গত পাঁচ দিনে যৌথ অভিযানে মোট ২৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খুলনা থানার ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানার ১০ জন, লবণচরা থানার ৪ জন, খালিশপুর থানার ৩ জন, দৌলতপুর থানার ২ জন, খানজাহান আলী থানার ৩ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২ জন আছেন। এসব অভিযানে ২০৪টি ইয়াবা ও ৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে গতকাল রাতে নগরের লবণচরা থানার স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ‘বি–কোম্পানি’র সদস্য হিসেবে পরিচিত সজল আকনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল। তাঁর বিরুদ্ধে হত্যা, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও মারধরের অভিযোগে খুলনার বিভিন্ন থানায় চারটি মামলা বিচারাধীন রয়েছে।

খুলনায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে উদ্বেগের মধ্যে বিশেষ অভিযান শুরু করে কেএমপি। গত বুধবার কেএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ অপরাধবিষয়ক সভায় নগরজুড়ে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

যৌথ অভিযানের ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ ঘনিষ্ঠ সহযোগী রাব্বিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেএমপির দক্ষিণ বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ করা হয়।

গত শুক্রবার ‘গ্রেনেড বাবুর’ সহযোগী হিসেবে পরিচিত কসাই লিটন, রিফাতসহ ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার গ্রেপ্তার করা হয় ৬২ জনকে এবং রোববার আরও ৭৪ জনকে। তাঁদের মধ্যে পলাশ গ্রুপের নেতা শেখ পলাশ ওরফে ‘চিংড়ি পলাশের’ সহযোগী ও চিহ্নিত সন্ত্রাসী কাজী রাফসান মাহমুদ ওরফে পার্থ আছেন।

প্রিন্ট

আরও সংবাদ