খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শুনানির অপেক্ষা

খবর প্রতিবেদন |
০৪:৫৩ পি.এম | ০৮ জুন ২০২৬

 

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সোমবার (৮ জুন) ছাপাখানা থেকে পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। এখন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি।

গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সেই ঘটনায় বিচারের দাবিতে একসময় ফুঁসে উঠেছিল পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথ, সর্বত্র ছিল ক্ষোভ আর কান্না।

শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি হিটু শেখকে গত বছরের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর চার দিন পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলেন, ‘হাইকোর্টে ডেথ পেনাল্টিগুলো শুনানি হয় বছরের সিরিয়াল অনুসারে। অর্থাৎ আগের বছরের ডেথ পেনাল্টিগুলো আগে শুনানি হয়, পরেরগুলো পরে হয়। এ ক্ষেত্রে এখন আমরা প্রায় চার পাঁচ বছরের মতো একটা ব্যাকলক্সের মধ্যে রয়েছি।’

দ্রুত বিচার নিশ্চিতের বিষয়ে এই আইনজীবী আরও বলেন, ‘চিফ জাস্টিস একটা বেঞ্চ গঠন করে দিতে পারেন অথবা প্রসিকিউশন চিফ জাস্টিসের কাছে আবেদন করতে পারেন যে, আমাদের এ মামলাটা বেশি সেনসিটিভ এবং মামলাটার মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা দিতে চাই, এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত হলে তাৎক্ষণিক শাস্তি এবং বিচারের মুখোমুখি হতে হবে।’

প্রিন্ট

আরও সংবাদ