খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

খবর প্রতিবেদন |
০৫:৩৭ পি.এম | ০৮ জুন ২০২৬

 

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালিয়েছে একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে। হামলায় অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে। এই সংঘাতের মধ্যে তেহরান ও তেল আবিব ‘যুদ্ধবিরতি’ চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৮ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে তিনি এই দাবি করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরান এখনই যুদ্ধবিরতিতে পৌঁছাতে আগ্রহী। তবে চলমান পাল্টাপাল্টি হামলার কারণে আগে থেকেই টিকে থাকা নাজুক যুদ্ধবিরতি আবারও ঝুঁকির মুখে পড়েছে।

তিনি লিখেছেন, দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত আলোচনা চলছে। যদি কোনো ‘অজ্ঞতা বা ভুল সিদ্ধান্ত’ বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে একটি স্থায়ী সমঝোতা সম্ভব।

ট্রাম্প আরও বলেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান অবরোধ বা চাপ প্রয়োগের ব্যবস্থা পুরোপুরি বহাল থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে আলোচনার প্রক্রিয়া দ্রুত এগোবে।

সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প ইঙ্গিত দিয়ে আসছেন যে যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখন পর্যন্ত সেই চুক্তি বাস্তবে কার্যকর হয়নি।

এর আগে দেওয়া আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উভয় পক্ষকে ‘গোলাগুলি’ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‌‘গোলাগুলি’ বন্ধ করতে হবে।

এছাড়া মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চুক্তিতে পৌঁছালে ইরানকে তাদের ইউরেনিয়াম ধ্বংসে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেছেন, দুই দেশের মাঝে চলা তিন মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে তিনি যদি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হন, তাহলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার ও ধ্বংস করতে ইরানকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

আর যদি কোনও চুক্তি না হয়, তাহলে ইরানের সামরিক বাহিনীকে এমনভাবে দুর্বল করে দেবেন তিনি; তখন মার্কিন বাহিনী নিজেরাই নিরাপদে সেই উপাদান সংগ্রহ করতে পারবে।

প্রিন্ট

আরও সংবাদ