খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিদেশগামী তরুণদের ঋণ নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী নুর

খবর প্রতিবেদন |
০৬:০৭ পি.এম | ০৮ জুন ২০২৬


বিদেশগামী তরুণদের জন্য ব্যাংক ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

সোমবার (৮ জুন) সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা যাতে হয়রানি বা প্রতারণার শিকার না হয় তা বন্ধে সরকার কাজ করছে। এছাড়া বর্তমানে বিদেশগামী যুবকদের জন্য ৮ শতাংশ সুদে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ দেয় সরকার। যা বাড়িয়ে ৫ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে।

নুরুল হক নুর আরও বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শিশু শ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধকরণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সরকার বদ্ধপরিকর। এছাড়া প্রবাসীদের কল্যাণের জন্য সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসগুলো কাজ করছে বলেও জানান তিনি।

প্রবাসীদের মরদেহ ফেরত আনার বিষয়ে সরকার আন্তরিক জানিয়ে তিনি আরও বলেন, বিএমইটির কার্ড নিয়ে যারা বিদেশে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করছেন, তাদের মরদেহ সরকার বিনা খরচে দেশে আনছে। এছাড়াও যাদের কার্ড নাই তাদের লাশও মানবিক কারণে সরকারি খরচে দেশে আনা হয় বলেও জানান প্রতিমন্ত্রী।

সরকারি সহায়তা নিতে প্রবাসীরা টোল ফ্রি নম্বরে সহজেই যোগাযোগ করতে পারছেন জানিয়ে প্রতিমন্ত্রী নুর বলেন, বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে কোনো নারী শ্রমিক যৌন হয়রানি বা নির্যাতনের শিকার হলে মন্ত্রণালয়ের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন। সরকার এসব বিষয়ে সজাগ আছে। এছাড়া বিভিন্ন এজেন্সির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশি যারা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছেন, তারা সরাসরি রাশিয়া যাচ্ছেন না। তৃতীয় দেশ ব্যবহার করে রাশিয়ায় প্রবেশ করছে। এক্ষেত্রে সরকারের কিছু করার থাকে না।

প্রিন্ট

আরও সংবাদ