খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুষ্টিয়ার রেলওয়ে জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি |
০১:১০ এ.এম | ০৯ জুন ২০২৬


কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা থেকে জোরপূর্বক ভিক্ষাবৃত্তি করানোর উদ্দেশ্যে অপহরণ করে শিশু পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। এই ঘটনায় অপহৃত তিন শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
উদ্ধারকৃত শিশুরা হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ এলাকার সুমনের ছেলে সিফাত (১০) একই এলাকার বেলাল হোসেনের ছেলে মোমিন (৯) ও হাসেমের ছেলে রাজ (১০)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে পোড়াদহ রেলওয়ে জংশন থেকে সিফাত ও মোমিন নামের দুই শিশুকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় চক্রটি। অপহরণ হওয়ার প্রায় ১ মাস পর ভুক্তভোগী সিফাতের মা শেফালী আক্তার গত ৬ জুন রাতে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুর এলাকার ফতে আক্তার (২১) নামের এক নারী সদস্যকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চক্রের আরেক সদস্য শাহানাজ বেগমকে (৪০) আটক করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দুই শিশুকে অপহরণ করার কথা স্বীকার করে। তারা প্রথমে মহানন্দা লোকাল ট্রেনে করে শিশু দুইজনকে যশোরে নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। সেখান থেকে পরে তাদের ঢাকায় নিয়ে যায় চক্রটি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে জানা যায় ভিক্ষারত অবস্থায় স্টেশন থেকে একটি সংস্থা তিনজন শিশুকে উদ্ধার করে। শিশুরা তাদের ঠিকানা বলতে না পারায় সংস্থাটি তাদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে সংস্থাটি শিশুদের পোড়াদহ রেলওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির খান জানান, পুলিশ অভিযান চালিয়ে তিন শিশুকে উদ্ধার করেছে। উদ্ধার করা শিশুদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মানবপাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ