খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন পে-স্কেলের সঙ্গে মিল রেখে বাড়বে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা

খবর প্রতিবেদন |
০২:১২ এ.এম | ০৯ জুন ২০২৬


সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের বর্তমান প্রদত্ত ভাতা আনুপাতিক হারে বাড়ানো হবে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে যৌথ এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভা শেষে যেসব বিষয়ে সবাই একমত হন, সেগুলো হলো,  ১/ এফসিপিএস পার্ট ১, এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ হলে সকল বেসরকারী প্রশিক্ষণার্থী ভাতা পাবেন এবং এই ভাতা প্রতি মাসে পরিশোধ করা হবে।
২/ সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশল এর সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের বর্তমান প্রদত্ত ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে।
৩/ স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পদ্ধতি অনুসরণ করে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শক্রমে বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
৪/ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে।
৫/ বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হবে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। 
৬/ বেসরকারি হাসপাতাল/ক্লিনিক/মেডিকেল কলেজে এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে অংশীজনের সাথে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
উপরোক্ত সিদ্ধান্তসমূহ সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদল চলমান কর্মবিরতি ও ওয়ার্ড এবং ক্লাস বর্জন কর্মসূসি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ