খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক |
০১:৫১ পি.এম | ০৯ জুন ২০২৬

 

যশোরের মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইমামুল হোসেন নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

এ দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ ‌

নিহতের স্বজনরা জানান, ইমামুল হোসেনের নাতনিকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় সোমবার রাতে যুবকদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে মধ্যরাতে বাড়ি থেকে কয়েক গজ দূরে ইমামুল ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে হামলাকারীরা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা গভীর রাতে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী সিরাজুল ইসলামের নেতৃত্বে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানান, খবর পেয়ে মনিরামপুর থানা ও ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় মঙ্গলবার (৯ জুন) নিহতের স্ত্রী রেশমা খাতুন ১১ জনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় হোসাইন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ