খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফজয়ী মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৩ এ.এম | ১০ জুন ২০২৬


বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম প্রধান তারকা এবং সাফজয়ী মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঋতুপর্ণার ব্যক্তিগত আবাসন সংকট নিরসনে ও তার পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী তাকে আর্থিক অনুদান প্রদান করেছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন চলাকালে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ঋতুপর্ণা চাকমার জন্য প্রধানমন্ত্রীর এই সহায়তা নতুন কিছু নয়। 
এর আগেও সংকটের মুহূর্তে এই ফুটবল তারকার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ করে ২০২৫ সালে ঋতুপর্ণার মা জটিল মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল। সে সময় তৎকালীন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে ছুটে যান। তারা ঋতুপর্ণার পরিবারের পাশে দাঁড়ান এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করেন।
রাঙামাটির পাহাড়ি জনপদের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের নারী ফুটবলের এক অবিচ্ছেদ্য নাম। মাঠের খেলায় নিজের অদম্য সাহস আর কৌশলের ছাপ রেখে তিনি দেশের জন্য বয়ে এনেছেন গৌরব। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে ঋতুপর্ণা দলের অন্যতম চালিকাশক্তি হিসেবে ভূমিকা রেখেছেন। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার পেছনেও তার অনবদ্য পারফরম্যান্স ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনুদান গ্রহণের পর ঋতুপর্ণা চাকমা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ