খুলনা | বৃহস্পতিবার | ১১ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফকে বিজিবি

খবর প্রতিবেদন |
০৫:০২ পি.এম | ১০ জুন ২০২৬

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বুধবার (১০ জুন) ভোর রাতে সীমান্তের শূন্য রেখায় (নোম্যানস ল্যান্ড) এ ঘটনা ঘটে।

সীমান্তে পতাকা বৈঠকে এক ব্যক্তিকে দুই বাহিনীই নিজেদের নাগরিক হিসেবে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার কথা বললে এর তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। দুপক্ষের বাগবিতণ্ডার দেড় মিনিটের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএসএফের কর্মকর্তা গুলির কথা বলায় বিজিবির কর্মকর্তা প্রতিবাদ জানিয়ে বলছেন, ‘আপনি গুলি করলে আমরা কি বসে থাকব? আপনি গুলির কথা বললেন কেন? আমাদের কাছে গুলি নাই? কেন গুলির কথা বললেন? আপনি গুলি করলে আমরা বসে থাকব? কেন আপনি গুলির কথা বললেন?’

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দুই বাহিনীর মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। ফলে এক বৃদ্ধ এখনো সীমান্তের শূন্য রেখায় আটকে আছেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, আজ ভোর রাতে উপজেলার কামালপুরের রামরামপুর সীমান্তে আন্তর্জাতিক ১০৮২ নম্বর পিলারের পাশে আকস্মিক এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ভোরের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের লাইট নিভিয়ে সাতজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের প্রবেশমুখে প্রতিরোধ গড়ে তোলেন বিজিবি কামালপুর ক্যাম্পের সদস্য ও স্থানীয় গ্রামবাসী।

পরে বিজিবি ও স্থানীয়দের কঠোর বাধার মুখে পুশইনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও এক বৃদ্ধ শূন্য রেখায় আটকা পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সংকটের সমাধানে সকালে বিজিবি-বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ বৈঠক শেষেও বিএসএফ ওই বৃদ্ধকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় কোনো সুরাহা হয়নি। ফলে প্রখর রোদ আর বৈরী আবহাওয়ার মধ্যে সীমান্তের শূন্য রেখায় এখনো অবস্থায় রয়েছেন সেই বৃদ্ধ।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ একজনকে পুশইনের চেষ্টা করেছিল। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি এখনো শূন্য রেখায় রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ