খুলনা | বৃহস্পতিবার | ১১ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খবর বিজ্ঞপ্তি |
০৬:০০ পি.এম | ১০ জুন ২০২৬

 

খুলনা মহানগর এলাকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উত্তর ও দক্ষিণ শাখা এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানাসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কেএমপির এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে।

কেএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে খুলনা থানা থেকে তিনজন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে আট, লবণচরা থানা থেকে ছয়, হরিণটানা থানা থেকে তিন, খালিশপুর থানা থেকে আট, দৌলতপুর থানা থেকে তিন এবং খানজাহান আলী থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানা (৩৫) ও একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চিহ্নিত সন্ত্রাসী আশিক গ্রুপের সক্রিয় সদস্য ও খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. লেলিন হাওলাদার (৩৪), মো. হোসেন মুন্সি (২৪), নয়ন (২২), হাফিজুল ওরফে মো. সোহেল (৪০), মাদক ব্যবসায়ী মিজান ও বি–কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ