খুলনা | বৃহস্পতিবার | ১১ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নড়াইলে পানিতে ডুবে সহোদরসহ ৩ শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
০২:০৫ এ.এম | ১১ জুন ২০২৬


নড়াইলে চার ঘণ্টার ব্যবধানে পৃথক দু’টি ঘটনায় পানিতে ডুবে সহোদরসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ও দুপুরে এসব ঘটনা ঘটে। নিহতরা হলো নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার দিনমজুর মাজেদুল শেখের ছেলেরা আবুবক্কার (৫) ও ওমর ফারুক (২)। অপর দিকে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছর বয়সী ছেলে আব্দুর রহমান।
পুলিশ, হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই শিশুর মা ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশু দু’টি বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে ছোট ভাই ওমর ফারুক বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই আবু বক্করও পানিতে নেমে ডুবে যায়। পরে ঘুম থেকে উঠে মা সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শেখর বিশ্বাস বলেন, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে থাকা একটি পানি ভর্তি গর্তে পড়ে যায় শিশুটি। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্ত থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ অলোক কুমার বাগচী বলেন, বেলা সোয়া ১১টার দিকে প্রথমে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গিয়েছিল। পরে বেলা ২টার দিকে আরও একটি শিশুকে আনা হলে পরীক্ষার পর তাকেও ম্রত ঘোষণা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ