খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে ‘ফ্লপ’ রোনালদো

ক্রীড়া প্রতিবেদক |
০১:৪৮ পি.এম | ১১ জুন ২০২৬

 

ফিফা বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ১ ঘণ্টার বেশি সময় খেলেও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার (১০ জুন) রাতে ঘরের মাঠ লেইরিয়াতে এই ম্যাচে যদিও নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। তবে দুই অর্ধে দুইবার গোলকিপারকে একা পেয়েও জালের দেখা পাননি রোনালদো।

বিশ্বকাপ শুরুর আগে অধিনায়ক এমন হতাশাজনক পারফরম্যান্স করলেও স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন পেদ্রো নেতো ও ফ্রান্সিসকো কনসেইকাও। নাইজেরিয়ার হয়ে একটি গোল করেন আকোর অ্যাডামস।

ম্যাচের নবম মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। গোলকিপারকে একা পেয়েও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পাননি রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা এই ফরোয়ার্ড।

২৩ মিনিটে পেদ্রো নেতোর দারুণ গোলে লিড নেয় পর্তুগাল। ডি বক্সের বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করেন চেলসি উইঙ্গার। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা নাইজেরিয়া ৩৭ মিনিটে অ্যাডামসের গোলে সমতায় ফেরে।

এ দিন নাইজেরিয়ার বিপক্ষে পুরো শক্তির দলই নামিয়ে দিয়েছিল পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবলে পুরুষ বিভাগে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ড ৪১ বছর বয়সি রোনালদোর। তবে এই ম্যাচে তিনি সেটি বাড়াতে পারলেন না। রোনালদোকে ৬৫ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয়।

এই ম্যাচ শেষে পর্তুগাল মনোযোগ দেবে বিশ্বকাপে। সেখানে দলটি কে গ্রুপে আছে। তাদের সঙ্গে আছে কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। এটি বিশ্বকাপে রোনালদোর ষষ্ঠ অংশগ্রহণ হবে। এতে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ডেও ভাগ বসিয়ে ফেলবেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ