খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ বাংলাদেশি নারীর মৃত্যু

খবর প্রতিবেদন |
০২:০৩ পি.এম | ১১ জুন ২০২৬

 

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছিলেন তিনি এবং পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানেই চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ প্রাণহানির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে আহত এক বাংলাদেশি নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, ওই নারী আগুনে গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তল এক বিবৃতিতে বলেন, ‘দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে। মৃত ব্যক্তি একজন বাংলাদেশি নারী। তিনি আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

প্রসঙ্গত, গত ৪ জুন দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের হাউজ রানি এলাকার ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় ২১ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

গত সপ্তাহে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক নাইজেরীয় নাগরিকের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়ায়। সর্বশেষ বাংলাদেশি নারীর মৃত্যুর পর মৃতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে।

প্রিন্ট

আরও সংবাদ