খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা, বহু যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

খবর প্রতিবেদন |
০২:২৬ পি.এম | ১১ জুন ২০২৬

 

এবার জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলায় একযোগে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এ সময় ঘাঁটির রানওয়েতে থাকা বহু যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।

জর্ডানে অবস্থিত এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান কমান্ড সেন্টার হিসেবে পরিচিত। এর আগে বুধবার (১০ জুন) কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপর বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের ঘাঁটিতে হামলার খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ হামলাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইআরজিসির প্রতিশোধ ও শাস্তিমূলক অভিযান হিসেবে উল্লেখ করেছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমানঘাঁটি এবং এর মূল নিয়ন্ত্রণ বা কমান্ড সেন্টারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মোট ১২টি দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করেছে।

তাদের এই মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারের মূল ভবন ও নিয়ন্ত্রণ কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘাঁটির রানওয়েতে থাকা বহু যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আল-আজরাক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অন্যতম প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি। যেখান থেকে মূলত সিরিয়া ও ইরাক অঞ্চলে ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

এর আগে ইরান কুয়েত ও বাহরাইনের ৩টি বিমানঘাঁটিসহ মোট ১৮টি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ