খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফুটবলের মহা-আসর

ক্রীড়া প্রতিবেদক |
০৭:১১ পি.এম | ১১ জুন ২০২৬


ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। তিন দেশ মিলে বিশ্বকাপ আয়োজনের ঘটনাও এবারই প্রথম। আগের আসরের তুলনায় এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়েছে ১৬টি।

কাতার বিশ্বকাপের পর এবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই মাঠে গড়াচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। সর্বশেষ বিশ্বকাপ শীতকালে অনুষ্ঠিত হওয়ায় এবার আবারও ফিরেছে জুন মাসের সূচি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেবারের আসরের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার পারফর্ম করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জে বালভিন এবং জনপ্রিয় মেক্সিকান পপ-রক ব্যান্ড মানার সদস্যরাও।

উদ্বোধনী ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সেবারও আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল, তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে।

স্বাগতিকদের অন্যতম শক্তি তাদের রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া মেক্সিকো দলটি নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

অন্যদিকে, দ্রুতগতির কাউন্টার অ্যাটাকের জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকাও আত্মবিশ্বাসী। বিশ্বকাপে নিজেদের শেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করেছে আফ্রিকার প্রতিনিধিরা, যা তাদের আক্রমণভাগের ধারাবাহিকতারই প্রমাণ।  

এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন কেবল মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। যৌথ আয়োজক কানাডায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব বসবে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। হলিউড ঘরানার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।

তিন আয়োজক দেশের তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান ও একটি ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব ২০২৬ ফিফা বিশ্বকাপ।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই বিশ্বকাপের শেষ পর্দা নামবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে।

প্রিন্ট

আরও সংবাদ