খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ‘পুশইন’ ঠেকানোর দাবি ১১ দলীয় জোট নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৭ এ.এম | ১২ জুন ২০২৬


ভারত সীমান্ত দিয়ে কথিত ‘পুশইন’ বন্ধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সাতক্ষীরার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই দাবি জানানো হয়।
সাতক্ষীরায় ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এনসিপির জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হাফেজ ইমদাদুল হকসহ জাগপা, এবি পার্টি ও জোটভুক্ত অন্যান্য দলের নেতৃবৃন্দ। 
বক্তারা বলেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। এ ধরণের কর্মকান্ড দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তারা সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
সভায় নেতৃবৃন্দ কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পুশইন অবিলম্বে বন্ধ করা, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনায় স্বচ্ছ তদন্ত পরিচালনা করা এবং জাতীয় স্বার্থে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরা।
সভা শেষে নেতারা বলেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহŸান জানান তারা। শুক্রবার ১২ জুন বিকাল ৪টায় ভোমরায় সমাবেশ করবে ১১ দল।

প্রিন্ট

আরও সংবাদ